চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর খুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে হামিম নামে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর বোরহানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এলাকার কয়েকজন কিশোরের সঙ্গে হামিমের বিরোধ কেন্দ্র করে আগে থেকে উত্তেজনা চলছিল। তাদের মধ্যে আগে মারামারির ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে সেই বিরোধের রেশ ধরে হামিমের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ফের মারামারি হয়। একপর্যায়ে হামিমকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপর সিটি সেন্টার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন হামলাকারীদের আটকের চেষ্টা করেন। এ সময় বোরহান নামের এক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। বোরহান নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজতে পুলিশ কাজ করছে।


