বিলাসবহুল গাড়িতে মিলল ৩০ হাজার পিস ইয়াবা, আটক ১

বান্দরবান শহরে একটি বিলাসবহুল গাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গাড়ির চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে বিলাসবহুল গাড়িটি চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। মাদক বহনের গোপন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠলে পুলিশের নজরদারি টের পেয়ে গাড়িটি মূল সড়ক এড়িয়ে বান্দরবান শহরের দিকে প্রবেশ করে।
পরবর্তীকালে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান শহরের তাজিংডং রেস্তোরাঁ এলাকায় অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায় এবং গাড়িটি আটক করে। তল্লাশিকালে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে আটক চালক জাকির হোসেনকে ইয়াবার চালানের উৎস, গন্তব্য ও সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উদ্ধার করা ইয়াবা ও গাড়িটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নিয়ন্ত্রণে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
আটক জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। এই চালানের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।



