মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত দুজনই মাদ্রাসাছাত্র বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল রাফি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা আল আমিনের ছেলে। সে দশম শ্রেণির ছাত্র ছিল। টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল আল রাফি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি মোটরসাইকেলে তিন আরোহী যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই মাদ্রাসাছাত্রের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আল রাফির মৃত্যু হয়। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।



