Advertisement

ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্রলীগ

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্রলীগ
আহত ছাত্রদল নেতা। ছবি: এশিয়া পোস্ট

একটি কল রেকর্ডকে কেন্দ্র করে সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার ঘোনা এলাকায় সংঘটিত এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে।

Advertisement

আহতদের মধ্যে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার ভাই রাজিব হোসেন, আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, আব্দুস সালাম, তহিদুল হোসেন ও মাহামুদুল হাসানকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর অভিযোগ, ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসানের একটি কল রেকর্ড শনিবার তাদের হাতে আসে। ওই কল রেকর্ডে ছাত্রদলের এক নেতা ও বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি জানতে নাজমুলের কাছে যান ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন। এ সময় তাকে আটক করে রাখা হয়। বিষয়টি জানতে পেরে কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে নিয়ে বাপ্পী সেখানে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। হামলায় আহত ১০ জনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একটি কল রেকর্ডকে কেন্দ্র করে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেনকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ থেকে ১৫ জন নেতাকর্মী সেখানে যান। পরে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসান ও তার বাবা লাল্টু মেম্বারের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান অভিযোগ করেন, স্থানীয় জামায়াতের মদদে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রামাণিক অর্ঘ বলেন, ফ্যাসিবাদী সরকারের কিছু লোক জেলা ছাত্রদলের সহসভাপতির ওপর হামলা চালিয়েছে। তিনিও ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।

জেলা বিএনপির সদস্যসচিব জাহিদ হাসান ডাবলু বলেন, আওয়ামী লীগের কিছু নেতার নেতৃত্বে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।