logo
Advertisement

হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে বিভাগীয় কমিশনার দেখলেন কেউ আসেনি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, বরিশাল


হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে বিভাগীয় কমিশনার দেখলেন কেউ আসেনি
নির্ধারিত সময় পার হলেও ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা। আকস্মিক পরিদর্শনে গিয়ে ভবনের সামনে দাঁড়িয়ে আছেন বরিশালের বিভাগীয় কমিশনার। ছবি : এশিয়া পোস্ট

সরকারি অফিস শুরুর সময় সকাল ৯টা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে তালা ঝুলতে দেখা গেছে। সকাল ৯টায় আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখেন বরিশালের বিভাগীয় কমিশনার। সকাল সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখা না মেলায় স্থানীয় দপ্তরী এসে অফিসের তালা খুলে দেন।

ঘটনার পর শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পাঠানো এক চিঠিতে বলা হয়, ওই দিন সকাল ৯টায় বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত অফিসটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

পরে স্থানীয় দপ্তরী এসে অফিসের তালা খুলে দেন। তবে ততক্ষণেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কেউ উপস্থিত ছিলেন না।

পরিদর্শনকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পাশের মুদি দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হন না।

চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খান নির্ধারিত কর্মসময়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অফিসপ্রধান হিসেবে সরকারি দপ্তর তালাবদ্ধ থাকা এবং নির্ধারিত সময়ে দায়িত্ব পালন না করা দায়িত্বে চরম অবহেলার বহিঃপ্রকাশ।

বিভাগীয় কমিশনারের কার্যালয় জানিয়েছে, সরকারি দায়িত্বে অবহেলা, নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং কার্যালয় বন্ধ রাখার ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠির জেলা প্রশাসককে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় কমিশনারের একান্ত সচিব তালুকদার মো. ইনতেজার স্বাক্ষরিত ওই চিঠিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।