ঈদে গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন দক্ষ কসাইরা

আর পাঁচ দিন পরই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি, যা ঈদুল আজহার মূল আকর্ষণ। আর এই কোরবানিকে কেন্দ্র বাড়ে কসাইদের রাজধানীমুখী প্রস্তুতিও।
জানা গেছে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সৈয়দপুরের শতাধিক কসাই কোরবানির পশু কাটতে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ বাসে, কেউ ট্রেনে আবার কেউ বিমানে চড়ে রাজধানীর পথে রওনা দেবেন তারা।
সৈয়দপুরের কসাইদের মধ্যে ছোটু নাদিম, ফজলে রাব্বি, নওশাদ আলী ও খয়রাত হোসেন বেশ পরিচত। শুধু নিজ জেলায় নয়, ঢাকায়ও তাদের সুনাম রয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে তাদের বুকিং দেওয়া হয়েছে। তারা বলছেন, ঢাকায় মাংস কাটার রেট বেশি হওয়ায় পরিবারের সঙ্গে ঈদ না করে তারা ঢাকায় যান।
তারা জানান, সৈয়দপুরে যে গরুর দাম ১ লাখ সেটি কেটে বানিয়ে দিতে সর্বোচ্চ ৮ হাজার টাকা পাওয়া যায়। অথচ একই টাকার গরু ঢাকায় কাটলে মিনিমাম ২০ থেকে ২৫ হাজার টাকা পাওয়া যায়। তারা আরও জানান, মোটামুটি একজন অভিজ্ঞ কসাই ঈদের তিন দিনে অন্তত ৮
থেকে ১০টি গরু কাটাতে পারেন। ফলে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা হাসিমুখে বাড়ি ফিরতে পারেন।
সৈয়দপুরের স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঈদের সময় ঢাকায় গিয়ে কাজ করার মাধ্যমে এই কসাইরা শুধু নিজেদের রোজগারই বাড়ান না, বরং শহরের পরিচিতি ও সুনামও ছড়িয়ে দেন দেশজুড়ে।
এদিকে দেশে আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য পর্যাপ্ত দেশীয় পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এবার কোরবানির জন্য প্রায় ১ কোটি পশু প্রস্তুত রয়েছে।
