logo

‘কথা আছে’ বলে ডেকে আদম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

‘কথা আছে’ বলে ডেকে আদম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘কথা আছে’ বলে ডেকে নিয়ে মো. বাবুল আক্তার (৩৫) নামে এক আদম ব্যবসায়ীকে হাত-পা বেঁধে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানো এবং রাশিয়ায় যুদ্ধে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল আক্তার দাইপুখুরিয়ার বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে। তিনি দুবাইপ্রবাসী ছিলেন এবং পাশাপাশি আদম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার সেনারুল, বশির ও কটাসহ কয়েকজন ‘কথা আছে’ বলে বাবুলকে ডেকে নিয়ে যান। পরে কলমোগাড়া এলাকায় হাত-পা বেঁধে তাকে মারধর করে ফেলে রেখে যাওয়া হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বাবুল আক্তার এলাকার এক ব্যক্তিকে রাশিয়ায় পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে ওই ব্যক্তি যুদ্ধে মারা যান। এ নিয়ে এলাকায় মীমাংসা হলেও দুই পক্ষের মধ্যে বিরোধ থেকে যায়। এর জের ধরে রাশিয়ায় মারা যাওয়া যুবকের স্বজন বা সহযোগীদের পক্ষ থেকে বাবুলকে ডেকে নিয়ে মারধর করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।