খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম

খুলনার রূপসায় জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রবিউল ইসলাম ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে রাজাপুর এলাকার ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রবিউল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে পপুলার জুটমিলের সামনে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্তসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

