মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা
শ্রীনগর থানার ফটক। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়েছে বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ (৩৫)।

Advertisement

শনিবার (২৭ ২৭ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপনে বৈঠকের ভিত্তিতে শ্রীনগর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই রাজ্জাক ও এসআই শরিফুল। অভিযানের একপর্যায়ে পুলিশ সাব্বির শেখকে আটক করে তার হাতে হাতকড়া পরায়। এ সময় তার অনুসারীরা পুলিশকে ধাক্কা দিয়ে সাব্বিরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে আশপাশের প্রায় শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এসআই রাজ্জাক গুরুতর আহত হলে সেই সুযোগে সাব্বির শেখ দুই হাতে হাতকড়া অবস্থাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ (শ্রীনগর সার্কেল) সুপার আনিসুর রহমান এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়াসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাটিতে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে জানতে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত থাকার কথা জানিয়ে সংযোগ কেটে দেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং পলাতক আসামিকে আটকে জোর অভিযান চলছে। একই সাথে এই ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।