Advertisement

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক এমপিপুত্র

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক এমপিপুত্র
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের ছেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাঙ্গুড়া উপজেলার সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। ছবি: এশিয়া পোস্ট

চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মকবুল হোসেনের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গোলাম হাসনাইন রাসেল। ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র ছিলেন।

Advertisement

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের গাড়িতে করে ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া মহল্লায় নিজ বাড়িতে আনা হয় রাসেলকে। এ সময় তার আগমন উপলক্ষে আগে থেকেই বাড়িতে আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী ভিড় জমান। পুলিশি পাহারায় ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে মায়ের জানাজায় অংশ নেন তিনি।

জানাজার আগে মায়ের জন্য দোয়া চেয়ে রাসেল বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে অজান্তে কোনো ভুল করে থাকলে আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি।

জানাজা শেষে পার ভাঙ্গুড়া কবরস্থানে মায়ের দাফনে অংশ নেন রাসেল। পরে তাকে পুলিশি পাহারায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেলের মা নুরজাহান রেখা। দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

এর আগে গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাঙ্গুড়া থানার একটি বিস্ফোরক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি একটি মামলায় আদালত তার জামিন মঞ্জুর করলেও অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানোয় কারামুক্তি আটকে যায়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তির অনুমতির পর মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ পান রাসেল।

রাসেলের বাবা মো. মকবুল হোসেন পাবনা-৩ আসন থেকে ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন।