মুন্সীগঞ্জে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ বাজার এলাকায় পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দেওভোগ বাজার এলাকায় তার ফুফাতো ভাইয়ের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি আমতলা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
স্বজনদের ধারণা, পানির ট্যাংক পরিষ্কার করতে নিচে নামার পর মৃগী রোগের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি বিবেচনায় রয়েছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান এশিয়া পোস্টকে জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে স্বজনরা তার মরদেহ নিয়ে যান।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


