উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ

বাংলাদেশের মৎস্য খাতে আধুনিক প্রযুক্তি, বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে কিশোরগঞ্জে যাত্রা শুরু করেছে আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক ও চীনের আনহুই নিউ রেডি কোম্পানি লিমিটেডের যৌথ আধুনিক মৎস্য প্রকল্প।
প্রায় ২০০ কোটি টাকার এই বিনিয়োগভিত্তিক প্রকল্পকে দেশের মৎস্য শিল্পে একটি বড় অর্থনৈতিক ও প্রযুক্তিগত উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, আধুনিক এই ফিশারিজ হাব বাস্তবায়িত হলে মাছ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি মাছ রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে।
শনিবার (১৬ মে) কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের রামদিয়া এলাকায় প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী উম্মি মনোয়ারা বেগম এবং চীনা প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান আনহুই নিউ রেডি কোম্পানি লিমিটেডের ডিরেক্টর মিস্টার বাও হাইশিন।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটিতে আন্তর্জাতিক মানের মাছ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রযুক্তি ব্যবহার করা হবে। নিরাপদ ও পুষ্টিগুণসম্পন্ন মাছ উৎপাদনের পাশাপাশি আধুনিক সাপ্লাই চেইন এবং টেকসই উৎপাদন ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উম্মি মনোয়ারা বেগম বলেন, পরিবেশগত পরিবর্তন ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে দেশীয় মাছের অনেক প্রজাতি হুমকির মুখে পড়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ উৎপাদন ও সংরক্ষণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এই প্রকল্প স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় ও জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, বাংলাদেশ ও চীনের প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই উদ্যোগ দেশের মৎস্য খাতকে আরও আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সহায়ক হবে।
তিনি আরও বলেন, দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশি মাছের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে আমরা কাজ করছি।
স্থানীয় ব্যবসায়ী ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, কিশোরগঞ্জে এ ধরনের আন্তর্জাতিক বিনিয়োগভিত্তিক প্রকল্প বাস্তবায়ন হলে শুধু মৎস্য খাতই নয়, পরিবহন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
