জুলাই অভ্যুত্থানকারীরা পাবেন মুক্তিযোদ্ধাদের সমমর্যাদা: ভূমিমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতো সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, আন্দোলনকারীদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে এবং সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেকের কল্যাণ ও তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, শহীদ সাকিব আনজুমের বাবা মো. মাইনুল হক।
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে ভিড় করেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানাতে আসা ছাত্র-জনতা ও সাধারণ মানুষের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় রাজশাহী মহানগরের আলোপট্টিতে ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় উদ্যাপন উপলক্ষে সমাবেশের আয়োজন করেছে রাজশাহী মহানগর বিএনপি। একই সময়ে নগরীর বাটার মোড় এলাকায় পৃথক সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা।
.png)

