Advertisement

জুলাই শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
জুলাই শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী
বরিশালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: এশিয়া পোস্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠানিক রূপ দেব।

জুলাই অভ্যুত্থান দিবসে বুধবার (৫ আগস্ট) বরিশাল আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যে শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ থাকব।

তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে গ্রাস করেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সেই চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে।

এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এবং জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি, এনসিপিসহ রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শহীদদের আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসটিতে সরকারি হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী শিশু কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হয়। পাশাপাশি জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানে সাজানো হয় বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ।

জুলাই অভ্যুত্থান দিবস ঘিরে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ এবং গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

বিষয় :বরিশাল