চট্টগ্রামে অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ গুলি উদ্ধার

চট্টগ্রামে আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পরিত্যক্ত একটি কক্ষ থেকে একটি ‘টরাস’ পিস্তল, ২টি খালি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র চব্বিশ সালের অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) ভোরে ডবলমুরিং মডেল থানাধীন কলেজের পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় এই অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদের এশিয়া পোস্টকে বলেন, এসব অস্ত্র গত চব্বিশ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হয়েছিল।
তিনি আরও বলেন, অভিযানকালে ভবনটির দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
