এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি সরোয়ার

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।
রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মহাসপ্তমীতে ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার, রামগড় চা-বাগান, দাঁতমারা, নারায়ণহাট ও ভূজপুরসহ সংসদীয় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ করে বলেন, আমি আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এসেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ অক্টোবর আপনাদের সঙ্গে দেখা করতে চট্টগ্রামে আসবেন।
সরোয়ার আলমগীর বলেন, আপনারা বিগত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন। আপনাদের এই ঋণ আমি কখনও শোধ করতে পারব না।
অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপের প্রতিনিধিরা।
