logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

কুমিল্লায় পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৩০ কর্মীসহ আটক ১৮১

কুমিল্লায় পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৩০ কর্মীসহ আটক ১৮১
ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩০ সদস্যসহ মোট ১৮১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

Advertisement

জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং জেলার বিভিন্ন থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। মূলত কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই জেলার বিভিন্ন স্থানে এ সাঁড়াশি অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃতদের মধ্যে উঠতি বয়সের কিশোরদের বিষয়টি মানবিক ও সংশোধনমূলক দৃষ্টিভঙ্গিতে দেখছে পুলিশ। বিপথগামী কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে যাচাই-বাছাই শেষে ৬০ জনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তবে আমাদের লক্ষ্য শুধু অপরাধীকে শাস্তির আওতায় আনা নয়, বরং বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে পরিবার ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনা।