গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা অটোরিকশা ফেলে পাশের বনে পালিয়ে যায়।
বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনের একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মো. সুমন মিয়া (২৪)। তিনি পরিবার নিয়ে উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে দুই-তিনজন ছিনতাইকারী যাত্রীবেশে একটি অটোরিকশা ভাড়া করে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনের নির্জন স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা রিকশা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চালক সুমনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং অটোরিকশাটি থানায় নিয়ে যায়।
কালামপুর এলাকার ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা রক্তাক্ত অবস্থায় অটোরিকশা চালককে দেখতে পাই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



