রাতে স্কুলের কক্ষের তালা ভেঙে নারীদের নিয়ে নাচ-গানের আসর

বরগুনার তালতলী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে নারীদের নিয়ে নাচ-গানের আয়োজনের অভিযোগ উঠেছে স্থানীয় এক ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির বিরুদ্ধে। উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৩০ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর থেকে ফেসবুকে নাচের ওই ভিডিও ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে দুজন নারী গানের সঙ্গে নৃত্য পরিবেশন করছেন। তাদের সঙ্গে উপস্থিত পুরুষদেরও কেউ কেউ নাচে অংশ নিচ্ছেন। এ সময় তাদের অশালীন অঙ্গভঙ্গিতে নাচতে দেখা যায়। পরে ওই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে আয়োজক কমিটির সংশ্লিষ্টরা খেলা শেষে রাতে বিদ্যালয়ের পাশে পিকনিকের আয়োজন করেন। রাতে বৃষ্টি শুরু হলে তারা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে বিদ্যালয়ের একটি কক্ষের তালা ভেঙে নারীদের নিয়ে নাচ-গানের আয়োজন করা হয়।
ফুটবল আয়োজক কমিটির সদস্য ও ভিডিওতে নারীদের সঙ্গে নাচতে দেখা যাওয়া মোয়াজ্জেম তালুকদার আলাল বলেন, ফুটবল খেলা শেষে আনন্দ-ফুর্তির জন্য পিকনিকের আয়োজন করা হয়েছিল। এলাকার অনেকেই ছিলেন, নারীরাও ছিলেন। এ ধরনের নাচ-গান অনেক জায়গায় হয়। এটা অসামাজিক নয়।
তালতলীর চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার ঢালি বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় বিষয়টি তিনি জানতেন না। পরে একজনের কাছে শুনে স্কুলের দপ্তরির কাছ থেকে বিষয়টি জেনেছেন।
তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেনেছি। প্রধান শিক্ষককে ফোন দিলে তিনি বিষয়টি সম্পর্কে জানতেন না বলে জানিয়েছেন। তবে একটি সরকারি প্রতিষ্ঠানের কক্ষের তালা ভেঙে কারা এ ধরনের আয়োজন করেছেন, তা তদন্ত করা হবে। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


