logo
Advertisement

উল্লাপাড়ায় পল্লী বিদ্যুতের জিএমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ,সিরাজগঞ্জ
উল্লাপাড়ায় পল্লী বিদ্যুতের জিএমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
উল্লাপাড়ায় জিএমের পদত্যাগের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) নুরুল হুদার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষুব্ধ গ্রাহকেরা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয়ের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিটার রিডিং না দেখেই মনগড়া বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং অতিরিক্ত বিল পরিশোধ করতে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে ব্যয়ের চাপ বাড়ছে। এসব বিষয়ে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানালেও কোনো প্রতিকার পাননি তারা।

একপর্যায়ে কার্যালয়ের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবস্থান নেওয়া গ্রাহকদের সরিয়ে দেয়। পরে গ্রাহকদের একটি প্রতিনিধিদল তাদের লিখিত অভিযোগ ও বিভিন্ন দাবির বিষয়ে কথা বলতে জিএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া গ্রাহকদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে গ্রাহকদের আনা ভূতুড়ে বিলের অভিযোগ ও পদত্যাগের দাবির বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার নুরুল হুদার বক্তব্য পাওয়া যায়নি।