logo
Advertisement

মিয়ানমারে পাচার হচ্ছিল আট হাজার কেজি সার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ভোলা
মিয়ানমারে পাচার হচ্ছিল আট হাজার কেজি সার
কোস্টগার্ডের অভিযানে জব্দ করা হয়েছে আট হাজার কেজি সার। শনিবার বিকেলে ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে। ছবি: এশিয়া পোস্ট

মিয়ানমারে পাচারের সময় ভোলার তজুমদ্দিনে মেঘনা নদী থেকে ১৬০ বস্তায় আট হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল তিনটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলার থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৬০ বস্তায় আট হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। সারের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত স্টিলবডি ট্রলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের স্বার্থে পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।