logo

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু
হবিগঞ্জ জেলা কারাগার। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩২) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়লে হবিগঞ্জ ২০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে নিহতের স্বজনদের অভিযোগ, কারাগারে মারধর করে তাকে হত্যা করা হয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত এনামুল হাসান চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রহমতাবাদ গ্রামের আব্দুর রফিকের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, গত ১৫ জুলাই একটি মাদক মামলায় তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে ওঠার পর এনামুল বুকে ব্যথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিক কারাগারের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় এবং সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এনামুলের মা, ভাইসহ স্বজনরা। এ সময় তারা অভিযোগ করেন, এনামুলকে কারাগারের ভেতরে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের বড় ভাই কামরুল হাসান বলেন, আমার ছোট ভাই ভোর ৫টার দিকে মারা গেছে, অথচ আমাদের খবর দেওয়া হয়েছে সকাল ৯টার দিকে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। ঘটনার পেছনে সঠিক কারণ উদ্‌ঘাটনে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার শংকর কুমার মজুমদার জানান, ভোরে বুকে ব্যথা অনুভব করলে এনামুলকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে সদর হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।