logo

ঘাস কাটার সময় বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা
ঘাস কাটার সময় বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ঘাস কাটতে গিয়ে জুলফিকার নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে দর্শনা সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে ক্যাম্পের বিএসএফ টহল দল।

আটক জুলফিকার দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়নহর গ্রামের মৃত আলাউদ্দিনের (কালু মৌলভি) ছেলে।

জুলফিকারের বড় ভাই আবু তালহা জানান, দুপুরের দিকে মা ছোট ভাই জুলফিকারকে ছাগলের জন্য ঘাস আনতে বললে সে বাড়ি থেকে বস্তা-হাঁসুয়া নিয়ে বের হয়। বিকেলে আমরা জানতে পারি সীমান্তের মাঠে ঘাস কাটার সময় বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। বিষয়টি জানার পরপরই আমরা দর্শনা আইসিপির বিজিবি ক্যাম্পে জানিয়েছি। এখন পর্যন্ত তার ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত হতে পারিনি।

বিএসএফের বরাত দিয়ে বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে আটক বাংলাদেশি যুবককে তারা ভারতের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।