তিন দিন ধরে সড়কে পড়ে ছিল ট্রাক, কেবিনে মিলল চালকের পচনধরা লাশ

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিনের মধ্যে থেকে আব্দুর রহমান নামে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কোলা বাজার-সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান (৫০) যশোর সদর উপজেলার রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, ট্রাকটি কালীগঞ্জ কোলা বাজার-সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড়ে গত তিন দিন ধরে পার্কিং করা ছিল। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ট্রাকের চালককে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের দরজা খুলে পেছনের কেবিন থেকে চালক আব্দুর রহমানের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা লাশে পচন ধরেছে। তাদের অনুমান, কোনো ছিনতাইকারী চক্র ট্রাকের মালামাল লুট শেষে চালককে হত্যার পর ট্রাকটি ওই স্থানে রেখে যেতে পারে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, সড়কে পার্কিং থাকা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে পুলিশের তদন্ত চলছে।
