যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

যশোরের শার্শায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
পুলিশ জানায়, রোববার (১৪ জুন) রাতে ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। এর আগে, গত ১২ জুন এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান, ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন ও মেহেদি হাসান টুটুল। মামলার অপর দুই পলাতক আসামি হলেন ছোট বসন্তপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুন ও ইমন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাড়ির উঠানে বের হলে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে একটি ঘরে নিয়ে যান। সেখানে একজন তাকে ধর্ষণ করেন। পরে অন্য আসামিরা তাকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে থানায় অভিযোগ দায়ের করা হয়।
শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
.png)

