প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুরের সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি বা তার উপস্থিতিতে ধারণ করা কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি এ বিশেষ সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় প্রতিমন্ত্রীর এপিএস হুমায়ূন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ছবি হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি কোনো ব্যক্তি বিশেষের প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়; বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের বিষয়টিকে একটি প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা ও সৌজন্যবোধের অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।
