ভাড়াটিয়া নারীকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে দিল জনতা

শেরপুর সদর উপজেলায় ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
রোববার (২৪ মে) শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, গতকাল শনিবার শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খোয়ারপাড় এলাকার এনামুল মিয়ার বাসায় স্বামীসহ ভাড়া থাকতেন ওই নারী। স্বামী কাজে বাইরে গেলে প্রায় সময় তাকে কুপ্রস্তাব দিতেন এনামুল। শনিবার দুপুরে স্বামী না থাকায় ওই গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন এনামুল। ঘটনা জানাজানি হলে রাত ৮টার দিকে স্থানীয় জনতা এনামুলকে ধরে গণপিটুনি দেয়।
পুলিশ জানায়, খবর পেয়ে অভিযুক্তকে আটক করতে যায় পুলিশ। মারধর করে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন ক্ষুব্ধ জনতা। তারা অভিযুক্তের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ করেছেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
