কক্সবাজারে দুই যুবক খুন/নারীর সহায়তায় পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ

কক্সবাজার শহরের পাহাড়তলীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনাটি পরিকল্পিত বলে জানিয়েছে পুলিশ। দাবি করা হচ্ছে, রাশেদা নামে এক নারীর বাড়িতে বৈঠক করে এই খুন সংঘটিত করা হয়।
রাশেদাকে বুধবার (৩ জুন) রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রাশেদা কক্সবাজার পৌরসভা ৭নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার হাকিম আলী মেয়ে।
এর আগে মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায় কথা-কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. হৃদয় এবং কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা মো. আসিফ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাহাড়তলী ইসলামপুর মসজিদ-সংলগ্ন এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম নামের এক যুবক।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি ছিল পরিকল্পিত। রাশেদার বাসায় বৈঠক করে হত্যার পরিকল্পনা করা হয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
