logo

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত
এশিয়া পোস্ট গ্রফিক্স

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় কথা-কাটাকাটির জের ধরে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর আহত অবস্থায় রাতে হাসপাতালে নেওয়া হলে হৃদয় (২৮) নামে এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি চকরিয়ার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

এদিকে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার (৩ জুন) সকালে মারা যান আসিফ (২৭) নামে অপর এক যুবক। তিনি কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাহাড়তলী ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুপক্ষের মধ্যে পূর্ববিরোধকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম নামে তিনজন গুরুতর আহত হন।

ওসি আরও বলেন, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আসিফ মারা যান।

শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত হৃদয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং আসিফের মরদেহ চট্টগ্রামে রয়েছে।