logo

ঝড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে প্রাণ গেল ২ জনের

ঝড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে প্রাণ গেল ২ জনের
প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলপুরে ঝড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল আড়াইটার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মো. তাজউদ্দিন একই গ্রামের মৃত মো. শুক্কুর আলীর ছেলে ও মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। তারা প্রতিবেশী। দুজনই কৃষিকাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল আড়াইটার দিকে ভাট্টা গ্রামে ঝড়ে পিডিবির বৈদ্যুতিক তার ছিঁড়ে খড়ের নিচে চাপা পড়ে। এ সময় বাড়ির পাশে খড়ের কাজ করছিল তাজউদ্দিন ও আরশব আলী। একপর্যায়ে মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন আরশব আলী। তাজউদ্দিন মনে করেছিলেন খড়ের কাজ করে গরমে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাকে ধরতে গেলে তাজউদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।