কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্ক

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত সড়কের ওপর থেকে বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত কুষ্টিয়া জেলা কারাগারের সামনে আসে। এ সময় তারা সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল বোমা নিক্ষেপ করে। বোমাটি বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। ঘটনার পর পুলিশ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, মোটরসাইকেলে করে তিনজন এসে সড়কের ওপর থেকে ককটেল বোমা নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এশিয়া পোস্টকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

