৫৫ শতাংশ জমিতে ৫০০ প্রজাতির গাছ, সোহেলের বিস্ময়কর ‘মিয়াওয়াকি ফরেস্ট’

বন উজাড়ের ফলে উত্তরাঞ্চলের বরেন্দ্রভূমি যখন ক্রমেই শুষ্ক ও রুক্ষ হয়ে উঠছে, ঠিক তখনই প্রকৃতির বুকে সবুজের বার্তা নিয়ে হাজির হয়েছেন এক তরুণ কৃষি উদ্যোক্তা। নওগাঁর সাপাহারের জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা সোহেল রানা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক কৃত্রিম বন। প্রচলিত চাকরির পথ বেছে না নিয়ে শিকড়ের টানে নিজ জেলায় ফিরে তিনি গড়ে তুলেছেন ‘বরেন্দ্র অ্যাগ্রো পার্ক’।
পার্কটির ৫৫ শতাংশ জমিতে জাপানি প্রযুক্তির ‘মিয়াওয়াকি ফরেস্ট’ গড়ে তুলে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ঢাকায় ছয় বছর সাংবাদিকতা করেছেন সোহেল রানা। তবে কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা তাকে আবারও ফিরিয়ে এনেছে নিজ জন্মভূমিতে। তার দাবি, উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে তিনিই প্রথম মিয়াওয়াকি পদ্ধতিতে এ ধরনের বন গড়ে তুলেছেন।
জাপানি উদ্ভিদবিদ অধ্যাপক আকিরা মিয়াওয়াকির উদ্ভাবিত এ পদ্ধতিতে তুলনামূলক কম সময়ে ও স্বল্প পরিসরে ঘন এবং বহুমুখী প্রজাতির বন গড়ে তোলা সম্ভব। বরেন্দ্র অ্যাগ্রো পার্কের ৫৫ শতাংশ জমিতে সোহেল রানা প্রায় পাঁচ শতাধিক প্রজাতির দুই হাজার ৭০০টির বেশি গাছ ও লতাগুল্ম রোপণ করেছেন। এসব উদ্ভিদের মধ্যে রয়েছে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছ, বাঁশসহ বিভিন্ন নিষিদ্ধ, সংরক্ষিত ও মহাবিপন্ন প্রজাতির উদ্ভিদ।
সোহেল রানা এশিয়া পোস্টকে জানান, একসময় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘন বনাঞ্চল ছিল। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা, আবাসন, কলকারখানা ও অবকাঠামো নির্মাণের চাপে সেই সবুজ ক্রমেই কমে এসেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশে ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন হলেও বর্তমানে দেশে বনাঞ্চলের পরিমাণ মাত্র ১৫ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে রাজশাহী বিভাগে বনাঞ্চলের হার মাত্র ২ শতাংশ, যা পরিবেশগত দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক। এমন বাস্তবতায় শুষ্ক বরেন্দ্র অঞ্চলে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যেই তিনি মিয়াওয়াকি পদ্ধতি বেছে নিয়েছেন।
তিনি আরও জানান, মিয়াওয়াকি বন শুধু পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য বৃদ্ধিতেই ভূমিকা রাখবে না, ভবিষ্যতে কার্বন ক্রেডিট বিক্রির মাধ্যমেও আয়ের সম্ভাবনা তৈরি করতে পারে। সাধারণ বনের তুলনায় এ পদ্ধতিতে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং বেশি পরিমাণে কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে। ফলে মিয়াওয়াকি বন থেকে কার্বন ক্রেডিট অর্জন ও বিক্রির সুযোগ রয়েছে। বর্তমানে দেশের কয়েকটি সংস্থা কার্বন ক্রয়-বিক্রির কার্যক্রম নিয়ে কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, প্রচলিত বনের তুলনায় মিয়াওয়াকি বনে গাছের বৃদ্ধির হার ১০ গুণ পর্যন্ত বেশি হতে পারে। একইভাবে কার্বন ডাই-অক্সাইড শোষণের সক্ষমতাও ৩০ গুণ পর্যন্ত বেশি হতে পারে। সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি বলেন, বরেন্দ্র অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় এ ধরনের বন গড়ে তোলা বেশ চ্যালেঞ্জিং। তবে বনটি সফলভাবে টিকিয়ে রাখা সম্ভব হলে স্থানীয় পরিবেশ ও আবহাওয়ায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। এতে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি অঞ্চলের শুষ্কতাও কমতে পারে।
পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি এ মিয়াওয়াকি বনের অর্থনৈতিক সম্ভাবনাও রয়েছে। দ্রুত বর্ধনশীল এসব গাছ অধিক পরিমাণে কার্বন শোষণ করতে সক্ষম হওয়ায় ভবিষ্যতে কার্বন ক্রেডিট অর্জনের মাধ্যমে আয়ের পথ তৈরি হতে পারে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর বিকল্প আয়ের উৎস সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ কৃষি খাতে নতুন সম্ভাবনা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিজের উদ্যোগের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না সোহেল রানা। ছুটির দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ বনে নিয়ে এসে প্রকৃতি ও বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি প্রান্তিক কৃষকদের কৃত্রিম বন তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিতে চান তিনি।
তার প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে কৃষকেরাও ভবিষ্যতে কার্বন ক্রেডিট ব্যবস্থার আওতায় এসে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।


