জাম পাড়া নিয়ে দ্বন্দ্বে কিশোরকে হত্যা, মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ

চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় জাম পাড়াকে কেন্দ্র করে ইয়াছিন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হত্যার বিচারের দাবিতে নিহতের মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেন।
বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বিচারের দাবি করা হয়।
নিহত ইয়াছিন (১৪) ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অভিযুক্ত কিশোর একই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।
স্বজনদের অভিযোগ, মঙ্গলবার (২ জুন) সকালে এলাকার একটি গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে অভিযুক্তর সঙ্গে একই এলাকার শাহজাহান মালের ছেলে মো. মেহেদী হাসানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত কিশোর মেহেদীকে মারধর শুরু করে। এ সময় ইয়াছিন এগিয়ে এসে মারধরের কারণ জানতে চাইলে অভিযুক্ত কিশোর তার হাতে থাকা বাঁশ দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করে। আহত অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার দুপুরে ইয়াছিনের মৃত্যু হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, কিশোরের হত্যার বিচারের দাবিতে সড়কে বিক্ষোভ করেছে কিছু মানুষ। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
