দিনাজপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খাদ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলামিন (১৫), সৈকত (১৬) ও কাইয়ুম (২০)। তাদের সবার বাড়ি ঘোড়াঘাট উপজেলায়। এদের মধ্যে আলামিন নূরপুর, সৈকত মগলিশপুর এবং কাইয়ুম আফসারাবাদ কলোনি এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মুরগির খাদ্যবাহী একটি ট্রাক দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে রানীগঞ্জ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত অবস্থায় অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর হেলপারকে আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
