logo
Advertisement

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন
মিজ মাম্যাচিংক। ছবি: সংগৃহীত

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে মিজ মাম্যাচিংকে নিয়োগ দেওয়া হয়েছে। তার সঙ্গে ১৪ জন সদস্যকে পরিষদে রাখা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক-এর (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) উপধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার অন্তর্বর্তীকালীন পরিষদটি পুনর্গঠন করেছে।

নতুন পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং বান্দরবান সদর এলাকার পুরাতন রাজবাড়ি রোডের বাসিন্দা।

পরিষদের সদস্যরা হলেন চনুমং, মং ক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই মো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মার্মা ও কাজী নিরুতাজ বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং পরবর্তী সংশোধনীর বিধান অনুযায়ী জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবে।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত আগের পরিষদ বাতিল করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল প্রজ্ঞাপনটি জারি করেন।