চাঁদপুর জেলা আ.লীগের সভাপতি নাছির উদ্দিন আটক

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে নাছির উদ্দিনকে আটক করে পুলিশ।
একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ১১ দলের নেতাকর্মীরা।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বলেন, পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। জেলাজুড়ে অভিযান চলমান। এ বিষয়ে সর্বশেষ তথ্য পরে জানানো হবে।
