কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুপক্ষের হট্টগোল-হাতাহাতি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সভাস্থলের চেয়ার তুলে মারামারিতেও জড়ান কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কথাকাটাকাটির একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে সভাস্থলের চেয়ার তুলে একে অপরকে মারধরের চেষ্টা করেন কয়েকজন। এতে কিছু সময়ের জন্য সভা বন্ধ হয়ে যায়। পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। একই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, ছাত্রদলের মধ্যে কোনো দুপক্ষ নেই। কথাকাটাকাটির জের ধরে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানে তারা কাজ করছেন।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, ছাত্রদলের স্লোগান নিয়ে নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। জেলার জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করেন।
তিনি আরও বলেন, ছাত্রদলের এই ঝামেলার কারণে প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে জেলার নেতাদের বৈঠকে কোনো সমস্যা হয়নি। ভালোভাবেই আমাদের সভা শেষ হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
