গাংনীতে এনসিপির সমাবেশস্থলের কাছ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সমাবেশস্থলের কাছ থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় ‘হানিফ পরিবহনে’র কাউন্টারের সামনে একটি পরিত্যক্ত সবজিভর্তি ব্যাগ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশস্থলের কাছেই একটি ব্যাগ দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা খবর দিলে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে। ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশ সেটি নিরাপত্তার সাথে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করা হবে। কে বা কারা ব্যাগটি রেখে গেছে, সে বিষয়েও তদন্ত চলছে।
ওসি আরও জানান, নিরাপত্তার স্বার্থে এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
.png)






