মেহেরপুরের ৮১ ক্লিনিকের ৭০টিতেই নেই নারকোটিক্স লাইসেন্স

অস্ত্রোপচার ও সিজারিয়ানের মতো চিকিৎসায় ব্যবহৃত হয় পেথিডিন, মরফিন, ফেন্টানিল ও কেটামিনের মতো নিয়ন্ত্রিত ওষুধ। এসব ওষুধ বৈধভাবে সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের জন্য প্রয়োজন নারকোটিক্স লাইসেন্স। অথচ মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের অনুমোদিত ৮১টি বেসরকারি ক্লিনিকের মধ্যে ৭০টিরই এ লাইসেন্স নেই। লাইসেন্স পেয়েছে মাত্র ১১টি প্রতিষ্ঠান। আরও পাঁচটি প্রতিষ্ঠান আবেদন করে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাকি ৬৫টি প্রতিষ্ঠানের লাইসেন্সের জন্য আবেদন করার কোনো তথ্য পাওয়া যায়নি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নথিতে।
বিস্ময়কর বিষয় হলো, জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতির নিজেরও নেই এই লাইসেন্স। একাধিক ক্লিনিক মালিকের দাবি, তাদের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সরকার নারকোটিক্স লাইসেন্সের বাধ্যবাধকতা বাতিল করেছে। তবে এ দাবির পক্ষে কোনো সরকারি প্রজ্ঞাপন দেখাতে পারেননি তারা। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, আইন না মানলে কাউকে জোর করার সুযোগ নেই। তবে প্রয়োজনে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
ফলে জেলার অধিকাংশ বেসরকারি ক্লিনিকে নিয়ন্ত্রিত ওষুধের বৈধ উৎস, সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।
তথ্য অধিকার আইনে এশিয়া পোস্টের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরবরাহ করা দাপ্তরিক তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৮ অক্টোবর মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রাসেল আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে এশিয়া পোস্টকে জেলার বেসরকারি ক্লিনিকগুলোর নারকোটিক্স লাইসেন্সসংক্রান্ত তথ্য দেওয়া হয়। ওই তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ১৬টি বেসরকারি ক্লিনিক নারকোটিক্স লাইসেন্সের জন্য আবেদন করেছে। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠানের আবেদন প্রাথমিক পরিদর্শন শেষে অনুমোদনের সুপারিশসহ অধিদপ্তরের সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
লাইসেন্স পাওয়া ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেহেরপুর শহরের প্রগতি ক্লিনিক, তাহের ক্লিনিক, সনো নার্সিং হোম, ইমপ্যাক্ট জীবন মেলা হেলথ সেন্টার, অ্যাপোলো নার্সিং হোম, ডা. রমেশ ক্লিনিক ও নিউ কেয়ার নার্সিং হোম। এ ছাড়া গাংনীর রাজা ক্লিনিক, আল শেফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, অ্যাডভান্স কেয়ার লিমিটেড এবং রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল লাইসেন্স পেয়েছে।
অন্যদিকে অনুমোদনের অপেক্ষায় থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো গাংনীর কেয়ার হাসপাতাল, করবী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ মাহী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মুজিবনগরের ডক্টরস ল্যাব অ্যান্ড ক্লিনিক ও বল্লভপুর হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের আবেদন প্রক্রিয়া শেষ করে অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে অধিদপ্তরের নথিতে উল্লেখ রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মেহেরপুরে বর্তমানে ৮১টি বেসরকারি ক্লিনিক চালু রয়েছে। এর মধ্যে নারকোটিক্স লাইসেন্স রয়েছে মাত্র ১১টির। অর্থাৎ চালু ক্লিনিকগুলোর প্রায় ৮৭ শতাংশেরই এ লাইসেন্স নেই। আবেদন প্রক্রিয়ায় থাকা পাঁচটি প্রতিষ্ঠান বাদ দিলে বাকি ৬৫টির লাইসেন্সের জন্য আবেদন করার কোনো তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরবরাহ করা তালিকায় নেই। এতে জেলার অধিকাংশ বেসরকারি ক্লিনিকে নিয়ন্ত্রিত ওষুধ ব্যবহারের অনুমোদন ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সমিতির সভাপতিরও নেই লাইসেন্স
অনুসন্ধানে জানা গেছে, মেহেরপুর জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডা. আব্দুস সালামের নিজেরও নারকোটিক্স লাইসেন্স নেই।
এ বিষয়ে একাধিক ক্লিনিক মালিকের সঙ্গে কথা বলেছে এশিয়া পোস্ট। তাদের দাবি, সংগঠনের কেন্দ্রীয় নেতারা তাদের জানিয়েছেন, সরকার নারকোটিক্স লাইসেন্সের বাধ্যবাধকতা বাতিল করেছে। বর্তমানে বেসরকারি ক্লিনিক পরিচালনার ক্ষেত্রে এ ধরনের সনদের প্রয়োজন নেই বলেও তাদের জানানো হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে কি না, জানতে চাইলে তারা সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় সমিতির সভাপতি ডা. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঙ্গে। সভাপতি ডা. আব্দুস সালামকে পরিচয় জানিয়ে খুদে বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এ বিষয়ে এশিয়া পোস্টকে বক্তব্য দেবেন বলে জানিয়েছিলেন। তবে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কখনো পারিবারিক ব্যস্ততা, আবার কখনো পরে কথা বলার কথা জানিয়ে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী, যথাযথ লাইসেন্স বা অনুমোদন ছাড়া তফসিলভুক্ত নারকোটিক ওষুধ সংরক্ষণ, ব্যবহার ও সরবরাহের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। আইনের ৯ ধারায় এ ধরনের কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর ৩৬ ধারায় অপরাধের ধরন, মাদকের শ্রেণি ও পরিমাণভেদে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। ফলে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো বেসরকারি ক্লিনিকে এসব ওষুধ সংরক্ষণ বা ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
চিকিৎসায় ব্যবহৃত পেথিডিন, মরফিন ও ফেন্টানিলের মতো শক্তিশালী ব্যথানাশক এবং কেটামিনের মতো চেতনানাশক ওষুধ নির্দিষ্ট নিয়ম মেনে সংগ্রহ ও সংরক্ষণ করতে হয়। এসব ওষুধের অপব্যবহার রোধে প্রতিটি প্রতিষ্ঠানের মজুত, ক্রয় ও রোগীর চিকিৎসায় ব্যবহারের হিসাব সংরক্ষণ জরুরি।
কিন্তু জেলার অধিকাংশ ক্লিনিকের নারকোটিক্স লাইসেন্স না থাকায় এসব প্রতিষ্ঠানে নিয়ন্ত্রিত ওষুধ কীভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে, কোন অনুমোদনের ভিত্তিতে তা ব্যবহার করা হচ্ছে এবং রোগীর চিকিৎসায় ব্যবহারের যথাযথ হিসাব রাখা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে নিয়মিত সিজারিয়ান ও বড় ধরনের অস্ত্রোপচার করা হয়, সেসব প্রতিষ্ঠানে ওষুধের বৈধ উৎস নিশ্চিত করা জরুরি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ২০২৬ সালের আগস্টে জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছর থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের স্বাস্থ্য লাইসেন্স নবায়নের ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র বা নারকোটিক্স লাইসেন্স বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করার বিষয়টি উল্লেখ রয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে। ফলে নারকোটিক্স লাইসেন্স না থাকা জেলার অধিকাংশ প্রতিষ্ঠানের স্বাস্থ্য লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রাসেল আহমেদ এশিয়া পোস্টকে বলেন, যেসব ক্লিনিক মালিক আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নারকোটিক্স সনদের জন্য আবেদন করেছেন, তাদের দ্রুততম সময়ে সনদ দেওয়ার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে জেলায় ১১টি প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়েছে। আবেদন করা বাকি পাঁচটি প্রতিষ্ঠানের আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্ত সনদ পাওয়ার জন্য সদর দপ্তরে পাঠানো হয়েছে। তবে জেলার তিন-চতুর্থাংশ ক্লিনিক এখন পর্যন্ত এ সনদের জন্য আবেদন করেনি। আসলে কেউ যদি আইন মানতে না চান, তার সঙ্গে তো আর জোর করা যায় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সনদবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ এশিয়া পোস্টকে বলেন, জেলায় লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিকগুলোর মধ্যে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের অনেকের স্বাস্থ্য বিভাগের লাইসেন্স এখন পর্যন্ত নবায়ন করা হচ্ছে না। কারণ, তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায়নি। স্বাস্থ্য বিভাগের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া জরুরি। এ জন্য লাইসেন্সগুলো নবায়ন হয়ে গেলে প্রতিষ্ঠানগুলোর যাদের যে ধরনের কাগজপত্রের ঘাটতি রয়েছে, সে বিষয়ে ব্যবস্থা নিতে ও পরামর্শ দিতে পারব।






