logo
Advertisement

সোনাদিয়া চ্যানেলে ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

এশিয়া পোস্ট নিউজ,কক্সবাজার
সোনাদিয়া চ্যানেলে ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২
মানচিত্রে কক্সবাজার। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবিতে দুই জেলে মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন জেলে নিখোঁজ রয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

স্থানীয়রা জানায়, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন কয়েকজন জেলে। বৃহস্পতিবার ভোররাত ট্রলারটি বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে এসে ডুবে যায়।

স্থানীয় জেলেদের বরাতে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান বলেন, ভোরের দিকে স্থানীয়রা তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নিখোঁজ দুজনকে উদ্ধারে স্থানীয়ভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিমও পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝোড়ো বাতাস ও উচ্চ জোয়ারে ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে গেছে।