Advertisement

শতভাগ ফেল করা চাঁপাইনবাবগঞ্জের দুই মাদ্রাসার প্রধানকে শোকজ

এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
শতভাগ ফেল করা চাঁপাইনবাবগঞ্জের দুই মাদ্রাসার প্রধানকে শোকজ
গোমস্তাপুর উপজেলার গোপীনাথপুর ডি.এস. দাখিল মাদ্রাসা। ছবি: এশিয়া পোস্ট

দাখিল পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস না করায় চাঁপাইনবাবগঞ্জের দুটি মাদ্রাসার প্রধানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

Advertisement

শোকজপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানরা হলেন গোমস্তাপুর উপজেলার গোপীনাথপুর ডি.এস. দাখিল মাদ্রাসার সুপার এবং নাচোল উপজেলার বকুলতলা দাখিল মাদ্রাসার সুপার।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হওয়ার উপযুক্ত কারণ দর্শাতে আগামী ১৭ আগস্ট ওই দুই মাদ্রাসা প্রধানকে বোর্ডে স্বশরীরে উপস্থিত হতে হবে।

গত ১০ আগস্ট ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, গোমস্তাপুরের গোপীনাথপুর ডি.এস. দাখিল মাদ্রাসা থেকে মোট ১৬ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়। অন্যদিকে, নাচোলের বকুলতলা দাখিল মাদ্রাসার ৫ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ২ জন অংশ নিয়ে ফেল করে।

অংশ নেওয়া সব শিক্ষার্থীর এমন ফেল করার ঘটনাকে প্রাতিষ্ঠানিক তদারকি ও শিক্ষার মানের চরম ঘাটতি হিসেবে দেখছেন স্থানীয়রা। নামমাত্র পরীক্ষার্থী দিয়ে পরিচালিত এসব প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক কার্যকারিতা ও পাঠদানের মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে।