বান্দরবানে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বেড়াতে গিয়ে পুকুরে ডুবে জিসান (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিংকক কারবারির পুকুরে (খইয়া) এ ঘটনা ঘটে।
জিসান ঢাকা থেকে আসা ১৭ জনের একটি পর্যটক দলের সদস্য ছিলেন। দুর্গাপূজার ছুটিতে দলটি চার দিন ধরে লামার দুর্গম পাওমুম স্কুলের পাশের এলাকায় অবস্থান করছিল।
মৃত জিসানের সফরসঙ্গী মাহিন জানান, প্রতিদিনের মতো বুধবারও তারা চিংকক কারবারির পুকুরে গোসল করতে নামেন। এ সময় তারা ফুটবল নিয়ে খেলাধুলা করছিলেন। পরে ফেরার সময় জিসানকে দেখতে না পেয়ে তারা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় পাড়াবাসীর সহযোগিতায় পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলযোগে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, লামা থানার উপপরিদর্শক (এসআই) শাকিল আহমেদ লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
