চাঁপাইনবাবগঞ্জ/হাসপাতালে পরীক্ষা হবে কি না, জানতে চাওয়ায় নারীর মাথা ফাটল দালালরা

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে দালাল চক্রের সদস্যদের হামলায় এক রোগী ও তার মা আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকার ফজলুর রহমান বিপ্লবের স্ত্রী কানিজা আফরোজ (৪০) এবং তার ডেঙ্গু আক্রান্ত ছেলে মো. তাজ (২৩)। হামলার শিকার কানিজা আফরোজ মাথায় গুরুতর আঘাত পাওয়ায় হাসপাতালেই তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে।
ভুক্তভোগী কানিজা আফরোজ জানান, তার ছেলে তাজের ডেঙ্গু শনাক্ত হওয়ার পর চিকিৎসক সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষাটি সরকারি হাসপাতালে করা সম্ভব কি না, তা জানতে সকালে ছেলেকে নিয়ে ক্যাশ কাউন্টারে যান তিনি। এ সময় লিটন নামের এক ব্যক্তি এসে এই হাসপাতালে পরীক্ষাটি হয় না দাবি করে তাদের বাইরে থেকে পরীক্ষা করানোর পরামর্শ দেন। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংঘবদ্ধ চক্রটি তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।
অভিযোগের বিষয়ে লিটনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে চিকিৎসা নিয়ে আহতরা বাড়ি ফিরে যান।
এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহবুব রহমান বলেন, রোগী ও হাসপাতালের একটি চক্রের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আহত পক্ষ আইনি সহায়তা চাইলে কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, মারামারির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


