logo

সৌদির সহায়তায় উপকূলীয় মানুষের চিকিৎসায় ভাসমান হাসপাতাল চালু

সৌদির সহায়তায় উপকূলীয় মানুষের চিকিৎসায় ভাসমান হাসপাতাল চালু
শিবসা নদীতে অবস্থান করা হাসপাতাল চিকিৎসা পাবেন উপকূলীয় মানুষ। ছবি : এশিয়া পোস্ট

খুলনার পাইকগাছায় সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকারের পরিচালিত ভাসমান হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ গড়ইখালীর শিবসা নদীতে অবস্থান করা এ হাসপাতাল থেকে টানা তিন মাস বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন স্থানীয় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ।

সোমবার (২ নভেম্বর) হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. সায়েম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম, প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আক্তার, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আনিসুর রহমান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাসমান হাসপাতালটি শিবসা নদীতে অবস্থান করে টানা তিন মাস গড়ইখালী ও আশপাশের উপকূলীয় এলাকার দুস্থ, অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ বলেন, উপকূলীয় অঞ্চলের অনেক মানুষ নানা সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। ভাসমান হাসপাতালটি এসব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট