ধানক্ষেতে মিলল খণ্ডিত পা, পাশে রক্তমাখা পলিথিন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকালে সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে কয়েকজন পথচারী সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে ধানক্ষেতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, খণ্ডিত পায়ের পাশে রক্তমাখা একটি পলিথিনও পড়ে ছিল। তাদের ধারণা, কেউ সড়ক থেকে ওই পা ধানের জমিতে ফেলে রেখে যেতে পারে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এসেছে, সেটা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



