পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায়

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের আড়তে উন্মুক্ত নিলামের পর এক ব্যবসায়ী মাছটি কিনে নেন। পরবর্তীতে অনলাইন যোগাযোগের মাধ্যমে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের এক ক্রেতার কাছে ইলিশটি ১৪ হাজার ৫২০ টাকায় বিক্রি করা হয়। ফলে প্রতি কেজি মাছের দর দাঁড়ায় ৬ হাজার ৬০০ টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ইলিশটি শিকার করেন স্থানীয় জেলে হারুন অর রশিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পদ্মা নদী থেকে বড় আকৃতির ইলিশটি ধরে বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে নিয়ে আসেন জেলে হারুন। এরপর দেলোয়ার হোসেনের আড়তে এটি উন্মুক্ত নিলামে তোলা হলে কৌতূহলী জেলে, ব্যবসায়ী ও স্থানীয় মানুষ একনজর দেখতে ভিড় জমান।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, নিলামে অংশ নিয়ে তিনি প্রতি কেজি ৬ হাজার ৪০০ টাকা দর হাঁকিয়ে মোট ১৪ হাজার ৮০ টাকায় ইলিশটি কেনেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও কল ও মুঠোফোনে বিভিন্ন সম্ভাব্য ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের এক ব্যবসায়ী ইলিশটি কিনতে আগ্রহ দেখান। শেষ পর্যন্ত তার কাছে প্রতি কেজি ৬ হাজার ৬০০ টাকা দরে মোট ১৪ হাজার ৫২০ টাকায় মাছটি হস্তান্তর করা হয়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মতে, পদ্মার বড় ইলিশ বাজারে এলে ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়। সুস্বাদু ও ব্যাপক চাহিদা থাকায় দৌলতদিয়ার ইলিশের জন্য দূর-দূরান্তের ক্রেতারাও মুখিয়ে থাকেন। বর্তমানে অনলাইন ও প্রযুক্তি নির্ভর যোগাযোগের সুবাদে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তে অনায়াসে বিক্রি করা যাচ্ছে, যা ব্যবসায়ীদের ভালো দাম পেতে সাহায্য করছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, স্বাদ ও গুণগত মানের জন্য পদ্মার ইলিশ দেশজুড়ে সমাদৃত। বড় সাইজের ইলিশ বরাবরই ক্রেতাদের কাছে মূল আকর্ষণ। তবে ইলিশের প্রজনন ও উৎপাদন স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে। এসব নিয়ম ঠিকভাবে মানলে পদ্মায় ইলিশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেরা আর্থিকভাবে লাভবান হবেন।
