logo
Advertisement

সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্থানীয় সরকার মন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নরসিংদী
সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্থানীয় সরকার মন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে বিএনপি আয়োজিত সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি : এশিয়া পোস্ট

সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগণকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তার মন্ত্রণালয় দৃঢ়প্রতিজ্ঞ।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করতে চান তাঁরা। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী থেকে শুরু করে শহরের সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে মন্ত্রণালয় দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ইনশাআল্লাহ, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহচর্য চাই এবং আপনাদের সব ধরনের শুভেচ্ছা চাই—যেন মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আমি আপনাদের দোয়া প্রার্থী।

গত ১৭ বছরে বাংলাদেশ ‘ধ্বংস’ হয়েছে দাবি করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সেই ‘ধ্বংসস্তূপ’ থেকে দেশকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। তার ওপর অর্পিত দায়িত্বের দুটি দিক রয়েছে। একটি হলো সারা দেশের স্থানীয় সরকারের অবকাঠামো গড়ে তোলা এবং অন্যটি হলো বাংলাদেশের অনগ্রসর জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে বসবাসকারী মানুষের উন্নয়ন নিশ্চিত করা।

নরসিংদী তাঁতবোর্ড ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।

বিষয় :