বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

বরগুনার তালতলীতে মো. ফারুক হোসেন নামে এক পুলিশ সদস্য চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত পুলিশ সদস্য মো. ফারুক হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের বাসিন্দা রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিউটি শেষ করে সকালে ব্যারাকে কোনো একসময় তিনি বিষপান করেন। অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তার লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে।
চিরকুটে লেখা রয়েছে–‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে হয়রানি না করা হয়। আর আমার অনুরোধ বাড়ির কাছে দয়া করে জানাবেন যে, সে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। আমার ডেথ সার্টিফিকেটের সঙ্গে পাঠাইয়া দেবে। বাড়ি জানালে কোথায় তারা আসবে নিশ্চিত করে জানাবে যাহাতে তারা হয়রানি না হয় এবং মহিলারা যাতে না আসে দয়া করে বলে দেবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আমার লাশ পুরান বাড়িতে দাফন করবে। আমার স্ত্রীকে যেন আগে না জানায় তাহলে সে মারা যাবে।’ একই সঙ্গে চিরকুটে পরিবারের সদস্যদের দুটি ফোন নম্বর যুক্ত করে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইয়েদী হাসান সোহাগ জানান, তিনি ‘গ্যাস ট্যাবলেট’ সেবন করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেলার সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মো. তারিকুল ইসলাম মাসুদ বলেন, তিনি কী কারণে আত্মহত্যা করেছেন খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের বিভিন্নজনকে উদ্দেশ করে লেখা চিরকুট পাওয়া গেছে। পরিবারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।



