নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের দেখামাত্র লাঠিপেটার নির্দেশ কৃষক দল নেতার

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের শহর থেকে গ্রাম—যেখানেই দেখা যাবে, সেখানেই লাঠিপেটা করার নির্দেশ দিয়েছেন উপজেলা কৃষক দলের সহসভাপতি নাহার আলী।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুহনহাট গোলচত্বরে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এক বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
বক্তব্যে নাহার আলী বলেন, বিগত ১৭ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে অন্যায়-অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়েছেন। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরকে ঘিরে আবারও সারা দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন। এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখামাত্র লাঠিপেটা করার আহ্বান জানান।
ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সভাপতি পাঞ্জুর রহমান সরদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মইনুল হক সরদার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য জুলফিকার লিপন মতিন, উপজেলা কৃষক দলের সহসভাপতি শাজাহান মালিথা, জাহাঙ্গীর আলম শাহীন ও হাফিজুর রহমান ভোলা, যুগ্ম সম্পাদক আরব আলী ফকির, সাংগঠনিক সম্পাদক ওমর শরীফ হানিফ মহলদার, সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা, সলিমপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সেলিম মন্ডল, দাশুড়িয়া ইউনিয়ন কৃষক দল নেতা হান্নান সরদার, লক্ষীকুন্ডা ইউনিয়ন কৃষক দল নেতা মিন্টু সরদার, পাকশী ইউনিয়ন কৃষক দল নেতা সাইফুল ইসলাম ও স্বপ্না খাতুনসহ স্থানীয় নেতারা।
সভায় আগামী ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়া উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা আয়োজনের বিষয়েও আলোচনা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েকশ কৃষক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


