খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

খুলনা নগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফের কালো রং ছিটিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা। কয়েক সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।
রোববার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ে গিয়ে দেখা যায়, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে আঁকা দেয়ালের অন্যান্য গ্রাফিতি অক্ষত থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলে স্প্রে করে কালো রং ছিটিয়ে দেওয়া হয়েছে।
নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে দেয়ালটিতে বিভিন্ন জাতীয় ও বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছে। এসব প্রতিকৃতির মধ্যে রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করা হবে।
এর আগে গত ৬ নভেম্বর নগরীর যশোর রোডসংলগ্ন রেলস্টেশন এলাকায় দেয়ালচিত্রে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করে দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। কয়েক সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো কালি মাখানোর ঘটনা ঘটল।




